রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৯:৪৩ এএম

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

ছবি - সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৯২ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। নতুন এই দর আজ রোববার (৫ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।

শনিবার (৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে ক্রেতাদের সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির হারে তারতম্য হতে পারে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। চলতি বছর এ পর্যন্ত স্বর্ণের দাম মোট ৬০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪২ বারই দাম বাড়ানো হয়।