অক্টোবর ৬, ২০২৫, ০৭:৪৫ পিএম
সারা বছর ধরে সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই শুনানির আয়োজন করে।শুনানিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বর্তমান প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব তুলে ধরে
। প্রস্তাবে বলা হয়, গ্যাসের অভাবে দেশের সার কারখানাগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকছে, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। কারখানা চালু রাখতে হলে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াতে হবে, আর সেই খরচ সমন্বয় করতেই দাম বৃদ্ধি করা প্রয়োজন।
তবে শুনানিতে অংশ নিয়ে ভোক্তা ও শিল্পখাতের প্রতিনিধিরা এই প্রস্তাবের বিরোধিতা করেন। তারা বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে সারের উৎপাদন খরচ বাড়বে, যার চূড়ান্ত প্রভাব পড়বে কৃষকের ওপর এবং এতে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে।অন্যদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তা পেলে দাম কিছুটা বাড়ানোর পক্ষে মত দেয়।
উল্লেখ্য, ২০১৯ সালে সার কারখানায় প্রতি ঘনমিটার গ্যাসের দাম ছিল মাত্র ৪ টাকা ৪৫ পয়সা, যা কয়েক ধাপে বাড়িয়ে বর্তমানে ১৬ টাকা করা হয়েছে। সকল পক্ষের মতামত বিচার বিশ্লেষণ করে বিইআরসি পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন