বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
মেসেজিং প্ল্যাটফর্ম সতর্কতা

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হতে পারে যে ভুলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১২:২২ পিএম

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হতে পারে যে ভুলে

দৈনন্দিন যোগাযোগে হোয়াটসঅ্যাপ বর্তমান বিশ্বের অন্যতম প্রধান ব্যবহৃত তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান মাধ্যম। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে ছবি, ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক নথি বিনিময়ে বিশ্বজুড়ে কোটি কোটি গ্রাহক অ্যাপটির ওপর নির্ভর করেন। প্ল্যাটফর্মটি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের কিছু সুনির্দিষ্ট সেবা শর্ত ও নীতিমালা মেনে চলতে হয়। এসব নীতিমালার ব্যত্যয় ঘটলে যেকোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে পারে কর্তৃপক্ষ, এমনকি স্থায়ীভাবে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে। সাধারণ কিছু অভ্যাস অসচেতনভাবে ব্যবহারের কারণে ব্যবহারকারীর নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যের অসম্মতিতে ক্রমাগত যোগাযোগ করা নীতিমালার সরাসরি লঙ্ঘন। কোনো ব্যক্তি স্পষ্টভাবে জানিয়ে দিলে যে তিনি আর বার্তা পেতে আগ্রহী নন, তবে তার সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা করা নিরাপদ নয়। ঠিকানা তালিকা থেকে নম্বর মুছে ফেলার পরও বারবার অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো অভিযোগের ভিত্তি তৈরি করতে পারে। একই ধরনের বার্তা বারবার পাঠানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক মানুষকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্তা পাঠাতে অননুমোদিত সফটওয়্যার বা বট ব্যবহার করা প্ল্যাটফর্মের নিরাপত্তা নীতির পরিপন্থী। অননুমোদিতভাবে কল করা কিংবা সফটওয়্যারের সাহায্যে একাধিক গ্রুপ বা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের মতো অনিয়ম শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি ব্যবহারকারীদের অভিযোগ বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হয়। এ কারণে তৃতীয় পক্ষের অননুমোদিত ক্লোন অ্যাপ ব্যবহার থেকে দূরে থাকা জরুরি।

অনুমতি ছাড়া অন্যের যোগাযোগের তথ্য সংগ্রহ বা অপব্যবহার নিষিদ্ধ। অন্য ব্যক্তির ফোন নম্বর বা যোগাযোগের তালিকা বেআইনিভাবে সংগ্রহ করে প্রচারণা চালানো অথবা কোনো অনুমতি ছাড়া কাউকে গ্রুপে যুক্ত করা গুরুতর অনিয়ম হিসেবে গণ্য হয়। ব্রডকাস্ট সুবিধা ব্যবহার করে এক ক্লিকে বহু মানুষের কাছে বার্তা পাঠানো গেলেও নিয়মিত অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তু পাঠালে প্রাপকেরা অভিযোগ জানাতে পারেন। একই অ্যাকাউন্টের বিরুদ্ধে বারবার ব্যবহারকারীদের রিপোর্ট জমা পড়লে তা স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা দলের নজরে আসে।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অপচেষ্টা সবচেয়ে বড় ঝুঁকি। স্বয়ংক্রিয় স্ক্র্যাপিং পদ্ধতির মাধ্যমে সাধারণ গ্রাহকদের ফোন নম্বর, প্রোফাইল ছবি কিংবা স্ট্যাটাসের মতো ব্যক্তিগত ডেটা চুরির চেষ্টা করা স্পষ্টত নিয়মবহির্ভূত। হোয়াটসঅ্যাপের সেবার শর্তাবলিতে বেআইনি কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার এবং উগ্র আচরণকে সম্পূর্ণ নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোও প্ল্যাটফর্মের বিধিমালা লঙ্ঘনের শামিল। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অপরিচিতদের অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো বন্ধ রাখা, অনুমোদিত ক্লায়েন্ট ব্যবহার এবং প্ল্যাটফর্মের সার্বিক নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।