বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

স্বর্ণের পর রুপার দামেও নতুন ইতিহাস, ছাড়াল সব রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৫:৩৩ পিএম

স্বর্ণের পর রুপার দামেও নতুন ইতিহাস, ছাড়াল সব রেকর্ড

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে রেকর্ডের পর রেকর্ড ভাঙার খেলা চলছে। স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো ৪ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার একদিনের মধ্যেই এবার রুপার দামেও সৃষ্টি হলো নতুন ইতিহাস। বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম বেড়ে দাঁড়ায় ৪৯ দশমিক ৫৭ ডলারে, যা এযাবৎকালের সর্বোচ্চ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শিল্প খাত এবং নিরাপদ বিনিয়োগ—উভয় ক্ষেত্রেই ব্যাপক চাহিদার কারণে রুপার দাম আকাশচুম্বী হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা ২০১০ সালের পর এক বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের মূল্যবৃদ্ধির পাশাপাশি রুপার দাম বাড়ার পেছনে আরও কয়েকটি কারণ রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র রুপাকে তাদের ‘গুরুত্বপূর্ণ খনিজ’ তালিকায় অন্তর্ভুক্ত করায় সম্ভাব্য আমদানি শুল্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে, যা বাজারে দাম বাড়িয়ে দিয়েছে।

এছাড়াও, ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সাধারণ বিনিয়োগকারী এখন রুপাকে স্বর্ণের মতোই একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন, যা এর চাহিদা বাড়িয়ে দিয়েছে। ওএএনডিএ-এর বিশ্লেষক জায়ন ভানার মতে, সরবরাহ সংকট এবং শিল্প খাতে (বিশেষ করে সোলার প্যানেল ও ইলেকট্রনিক্সে) চাহিদা বাড়তে থাকায় আগামী ছয় মাসে রুপার দাম প্রতি আউন্সে ৫৫ ডলারেও পৌঁছাতে পারে।

স্বর্ণের মতো রুপার দামও দ্রুত বাড়তে থাকায় দুটি ধাতুর দামের অনুপাতও কমে আসছে। গত এপ্রিলে যেখানে এক আউন্স স্বর্ণ কিনতে ১০৫ আউন্স রুপা লাগত, এখন তা কমে ৮২ আউন্সে দাঁড়িয়েছে।