রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৬:২৭ পিএম

দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

ছবি - সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হলো ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে পাম তেলের দামও বাড়ানো হয়েছে। নতুন এই দর আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে।সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ী ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই নতুন মূল্য নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকার পরিবর্তে ১৯৫ টাকায় বিক্রি হবে। খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৭ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা।

এর আগে সর্বশেষ গত ১৩ এপ্রিল দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ওপর খরচের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।