জানুয়ারি ১৩, ২০২৬, ১০:০৯ এএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন আয়োজন না করার প্রজ্ঞাপন জারির পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। এই খবরের পর থেকেই শাবিপ্রবি ক্যাম্পাস বিক্ষোভ মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির আগে দেশে কোনো প্রকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। এই ঘোষণা আসার পরপরই সাধারণ শিক্ষার্থীরা শাকসু নির্বাচন বাতিলের আশঙ্কায় আন্দোলনে নামেন।
দীর্ঘক্ষণ বিক্ষোভের পর শিক্ষার্থীরা শাকসু কার্যালয়ে অবস্থান নিলে সেখানে আসেন বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচন কমিশনের সদস্যরা। তবে শিক্ষার্থীদের সাথে দীর্ঘ আলোচনা করেও তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
শাকসু নির্বাচন কমিশনাররা শিক্ষার্থীদের জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়া তাদের কিছু করার নেই। তারা বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে আলোচনার অপেক্ষায় আছেন। বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা এবং নির্বাচন কমিশনাররা শাকসু কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের আসার অপেক্ষায় রয়েছেন। উপ-উপাচার্য উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে শাকসু নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে।
শাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রস্তুতির মাঝে নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসজুড়ে গভীর অসন্তোষ তৈরি করেছে। এখন দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাতীয় নির্বাচন কমিশন এই বিশেষ পরিস্থিতির কোনো সমাধান দিতে পারে কি না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন