জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:৩৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে তিনি একদল কিশোরকে কান ধরে উঠবস করাচ্ছেন। জানা গেছে, ওই কিশোররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে এসেছিল।
কিশোরদের দিকে তাকে রাগান্বিত ভঙ্গিতে তেড়ে যেতে এবং লাঠি দিয়ে ভয় দেখাতেও দেখা যায়।ছড়িয়ে পড়া ভিডিওটি গত ৬ জানুয়ারির বলে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে দাবি করা হচ্ছে।
এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই সাধারণ শিক্ষার্থী এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী একে ‘মোরাল পুলিশিং’ বা ‘স্বৈরাচারী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন। আবিদুর রহমান নামের একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা প্রক্টরের দায়িত্ব হাতে তুলে নিয়ে বাচ্চাদের কানে ধরে উঠবস করাচ্ছেন।
অপরাধ—তারা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে এসেছে। বিচারের দায়িত্ব প্রশাসনের, কোনো ছাত্র নেতার নয়।এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডাকসুর ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামীম ফেসবুকে সর্বমিত্র চাকমার এমন আচরণের তীব্র সমালোচনা করে তাকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক বৃদ্ধ ভবঘুরেকে লাঠি নিয়ে ধাওয়া করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই ছাত্রনেতা। যদিও তখন তিনি দাবি করেছিলেন, ওই বৃদ্ধ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
সর্বমিত্র চাকমা গত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বাধীন প্যানেল থেকে সদস্য নির্বাচিত হন। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে হকার উচ্ছেদ এবং বহিরাগত নিয়ন্ত্রণের নামে তার এমন ‘লাঠি হাতে’ অভিযান সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাবোধের বদলে আতঙ্কের সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। কিশোরদের এই হেনস্তার বিষয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন