জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:২৭ পিএম
২০২৬ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে এবারের দাখিল পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৫ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ বিষয়ের মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য বোর্ড কর্তৃপক্ষ ১৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে।পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনাসমূহ: ১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। ২. প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না।
৩. উত্তরপত্রের OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড লিখে সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। ৪. পরীক্ষার্থীকে সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৫. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩ দিন আগে নিজ নিজ মাদ্রাসা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ (পরীক্ষার্থী বা শিক্ষক) কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল একটি সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) ফোন ব্যবহার করতে পারবেন। ৭. পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। ৮. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে বিজ্ঞানের ল্যাব সুবিধা না থাকলে নিকটস্থ অন্য মাদ্রাসায় পরীক্ষা নেওয়া যাবে। ৯. ফলাফল প্রকাশের পরবর্তী ৭ দিনের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যাবে।
এছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বরগুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের মৌখিক পরীক্ষাসমূহ যথানিয়মে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশ না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন