জানুয়ারি ৩০, ২০২৬, ১০:৪৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৯ এপ্রিল শুরু হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এই তারিখ ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সেশন জট নির্মূল করার পরিকল্পনার অংশ হিসেবেই ক্লাস শুরুর সময় গত বছরের তুলনায় দুই মাস এগিয়ে আনা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল ২২ জুন ২০২৫। কিন্তু সেশন জট কমানোর লক্ষে আমরা এবার ২০২৫-২০২৬ সেশনের ক্লাস এপ্রিলে নিয়ে এসেছি। আগামী বছরগুলোতে এই সময়সূচী আরও এগিয়ে আনা হবে যাতে শিক্ষার্থীরা যথাসময়ে তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে।
তিনি আরও যোগ করেন যে, আজ অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী দুই দিনের মধ্যে প্রকাশ করার সর্বাত্মক চেষ্টা করা হবে।ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, এবারের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিলেও ‘বি’ ইউনিটের ক্ষেত্রে সেই প্রযুক্তিগত ত্রুটিগুলো সমাধান করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, মেধা তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখা হবে। এবার শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও আগামীতে লিখিত পরীক্ষা যুক্ত করার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও ডিন কমিটি বিবেচনা করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সেশন জট নিরসন পরিকল্পনা ও দ্রুত ক্লাস শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সেশন জট সমস্যা চিরতরে দূর হবে বলে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন। ভর্তি সংক্রান্ত সব তথ্য ও মেধা তালিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (admission.jnu.ac.bd) পাওয়া যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন