মার্চ ২৮, ২০২৬, ১০:০০ এএম
২০২৬ সালের দাখিল পরীক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অগ্রিম প্রস্তুতি হিসেবে সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে বোর্ডের উচ্চপদস্থ ১৬ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলাভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
তারা মাঠ পর্যায়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোর বর্তমান অবকাঠামোগত অবস্থা, সিসি ক্যামেরার উপস্থিতি এবং সম্ভাব্য সকল অসঙ্গতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমদ এবং উপ-রেজিস্ট্রার মো. আব্দুর রশিদের যৌথ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
বোর্ডের জারিকৃত আদেশে সুনির্দিষ্টভাবে কর্মকর্তাদের নাম ও তাদের আওতাভুক্ত জেলার তালিকা উল্লেখ করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক নিজে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
এছাড়া রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদকে চাঁদপুর এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সিলেট বিভাগের চারটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার কেন্দ্রগুলো নিবিড়ভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিদর্শনের মূল লক্ষ্য হলো পরীক্ষার আগে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য যাচাই করা।
অফিস আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিদর্শন শেষে তাদের পর্যবেক্ষণ এবং সুস্পষ্ট মতামত সংবলিত প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দেবেন। প্রতিটি কেন্দ্রের পরিদর্শন বইতে কর্মকর্তাদের মন্তব্য এবং কেন্দ্র সচিবের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কোনো কেন্দ্রে যদি কারিগরি বা অবকাঠামোগত ত্রুটি পাওয়া যায়, তবে তা দ্রুত সমাধানের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করবেন এই কর্মকর্তারা।
এই পরিদর্শন কার্যক্রম পরিচালনার জন্য নিয়মানুযায়ী যাতায়াত ও দৈনিক ভাতা প্রদানের বিধান থাকলেও কোনো কর্মকর্তা যদি সরেজমিনে পরিদর্শন না করেন, তবে তার জন্য বিল দাখিল করা যাবে না বলে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। ২০২৬ সালের দাখিল পরীক্ষার প্রস্তুতিকে ঘিরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এমন আগাম তৎপরতা শিক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন