রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৬:৩১ পিএম

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষজ্ঞ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল বা জুনে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে একবারে বড় পরিবর্তনের বদলে ধাপে ধাপে সময় এগিয়ে আনার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ অংশীজন।

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বুধবারের বৈঠকে অংশীজনরা বলেন, হঠাৎ চার মাস আগে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হতে পারে। এই কারণে প্রতি বছর এক মাস করে সময় এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মত প্রকাশ করে জানায়, এসএসসি পরীক্ষা জানুয়ারির বদলে মার্চে হলে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য ভালো হয়। সে আরও উল্লেখ করে যে, শিক্ষার্থীরা এখনও জানুয়ারি বা ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী সভায় জানান, আগামী বছর ৮ ফেব্রুয়ারি রোজা শুরু হবে। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করা যায়, তবে রোজার আগেই পরীক্ষা শেষ করা সম্ভব হবে। এটি পরীক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে বলে তিনি মনে করেন।

এইচএসসি পরীক্ষার সময় নিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, এসএসসি পরীক্ষা আগে সম্পন্ন হলে এইচএসসির সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। তবে মার্চ বা এপ্রিলের দিকে পরীক্ষা হলে শিক্ষার্থীরা প্রস্তুতির ভালো সুযোগ পাবে।বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব সাবিনা ইয়াসমিন জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে অংশীজনদের মতামত সংগ্রহ করা হয়েছে। এসব মতামতের ভিত্তিতে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

দীর্ঘদিন ধরে এসএসসি ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু করার রেওয়াজ থাকলেও করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি ব্যাহত হয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত মাসের ২১ তারিখ এবং এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২ জুলাই। এই বিলম্বিত সূচিকে আগের অবস্থায় ফিরিয়ে আনাই এখন শিক্ষা প্রশাসনের মূল লক্ষ্য।