রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ৫ নতুন উদ্যোগ সরকারের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৭:১৮ পিএম

এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ৫ নতুন উদ্যোগ সরকারের

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত সারা দেশে ২ হাজার ৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়ার উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরা যথেষ্ট উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে তিনি জানান।সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণে যেসব জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে সরকার পাঁচটি গুরুত্বপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত রাখা হয়েছে। কোনো এলাকায় যাতায়াত বা জলাবদ্ধতা সমস্যা থাকলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত নতুন তারিখে পরীক্ষা দিতে পারবে।

পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুল থাকায় ওই দুই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নাম্বার প্রদান এবং প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তও কার্যকর করা হয়েছে।শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখাকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সব পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।