রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১০:৩৯ এএম

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের আওতাধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের অসুবিধার বিষয়টি আমলে নেওয়া হয়েছে।

স্থগিত পরীক্ষার মধ্যে রয়েছে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি-ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশনা কার্যকর হবে।পরীক্ষার নতুন বা সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ব্যতীত অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই শিক্ষা বোর্ড এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।