রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব‍‍` কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৪:১২ পিএম

আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব‍‍` কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক

ছবি - সংগৃহীত

কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে একযোগে বদলির আদেশ জারির পর থেকেই পুরো কলেজ ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে।শনিবার শিক্ষার্থীরা কলেজে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।আন্দোলনের এই উত্তাল পরিস্থিতির মধ্যে বদলির আদেশ পাওয়া ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে হাতজোড় করে অত্যন্ত কান্নাজড়িত কণ্ঠে বলতে দেখা যায় যে, তিনি সরকারি চাকরির ওপর নির্ভরশীল একজন মানুষ এবং এই চাকরিটি তার পুরো পরিবারের বাঁচার একমাত্র অবলম্বন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন এমন কিছু না করে যাতে তার চাকরি চলে যায়, কারণ চাকরি হারালে তিনি মারা যাবেন। 

শিক্ষার্থীদের ভাষ্যমতে, কলেজে আগে থেকেই শিক্ষকসংকট রয়েছে এবং নতুন শিক্ষক নিয়োগ না দিয়েই একসঙ্গে সাত শিক্ষককে অন্যত্র বদলি করায় শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।প্রসঙ্গগত, গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষার সময় ভারী বৃষ্টির কারণে এই কলেজের পরীক্ষাকেন্দ্রে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, যা দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছিল। 

সেই ঘটনার ঠিক দশ দিন পর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজটির উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদেই মূলত শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন এবং তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন।অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।