আগস্ট ৪, ২০২৬, ০৪:১৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিনভর চলা সংঘর্ষের রেশ এবার ছড়িয়ে পড়েছে পাশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। ক্যাম্পাসের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেওয়া হলে সেখানেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। আকস্মিক এই উত্তেজনার কারণে হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত হস্তান্তর ও আবাসন প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন দাবি নিয়ে জকসু প্রতিনিধিরা অনুষ্ঠানে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। এ নিয়ে হাতাহাতি ও ধস্তাধস্তির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জকসু ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আলিম আরিফসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে নতুন করে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হাসপাতালের ভেতরে ও বাইরে প্রতিপক্ষের ওপর হামলার জেরে তীব্র হট্টগোল শুরু হয়, যার ফলে সাধারণ রোগীরাও চরম দুর্ভোগের শিকার হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন