রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবির উদ্যোগে গবাদি প্রাণীর বিনামূল্যের চিকিৎসাসেবা

মোঃ আব্দুর রাজ্জাক

আগস্ট ১১, ২০২৬, ০৫:০৮ পিএম

হাবিপ্রবির উদ্যোগে গবাদি প্রাণীর বিনামূল্যের চিকিৎসাসেবা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাহারোল উপজেলায় বিনামূল্যে গবাদি প্রাণী ও হাঁস-মুরগির চিকিৎসাসেবা প্রদান করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা হাবিপ্রবি কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে এই সেবা দেওয়া হয়।দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে চারশটি গরু, চারশটি ছাগল এবং এক হাজার হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা ও ওষুধ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় কৃষকদের গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন দেওয়া হয়। ভেটেরিনারি সার্জনদের পাশাপাশি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জানান যে প্রান্তিক কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং আমিষের চাহিদা পূরণে তাদের অবদান অনস্বীকার্য। সাধারণ মানুষের সঙ্গে মেশার এবং সরাসরি সেবা দেওয়ার এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষকদের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে বলেও তিনি উপস্থিত খামারিদের আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। এছাড়াও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং প্রক্টর প্রফেসর ড. আবুল কালামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।