অক্টোবর ৪, ২০২৬, ০৮:৫২ পিএম
এনটিআরসিএ কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। সকাল ৯টা থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত এনটিআরসিএ কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। ভাইভার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের আগে নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইটেও পরীক্ষার সিডিউল প্রকাশ করা হবে।
রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এসব কাগজের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত এক সেট ফটোকপিও নির্ধারিত সময়ে জমা দিতে হবে।
এ ছাড়া নির্ধারিত নমুনা অনুযায়ী অভিজ্ঞতার সনদ, সব যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি ও এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে বলা হয়েছে। এনটিআরসিএর কার্যালয়টি ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় অবস্থিত।
অভিজ্ঞতার সনদ অবশ্যই বর্তমানে কর্মরত শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল প্যাডে দিতে হবে। এতে প্রার্থীর নাম, বাবা ও মায়ের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, বর্তমান পদ, কর্মস্থলের নাম ও ইআইআইএন নম্বর, ইনডেক্স নম্বর, বেতন গ্রেড, প্রার্থিত পদ এবং অষ্টম নিয়োগ পরীক্ষার রোল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
অভিজ্ঞতার সনদে শিক্ষকতার অভিজ্ঞতার ধারাবাহিক বিবরণও দিতে হবে। সেখানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ইআইআইএন নম্বর, পদ, বেতন গ্রেড, ইনডেক্স নম্বর, প্রথম এমপিওভুক্তির তারিখ, এমপিওভুক্তির পর শিক্ষকতার অভিজ্ঞতা এবং প্রশাসনিক দায়িত্বসহ মোট অভিজ্ঞতার তথ্য থাকতে হবে। মৌখিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইট ও টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন