অক্টোবর ৪, ২০২৬, ০৮:৪৫ পিএম
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। প্রাথমিকভাবে অ্যাকাডেমি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলছে। ইতোমধ্যে দুই-তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে এবং শিগগিরই একটি নির্দিষ্ট স্থান চূড়ান্ত করা হবে।
রোববার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব কথা বলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত ও অ্যাকাডেমিক দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার গুণগত মান অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা, গবেষণার সক্ষমতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং অ্যাকাডেমিক নেতৃত্বের ওপর। তাই শিক্ষক প্রশিক্ষণকে বিচ্ছিন্ন বা স্বল্পমেয়াদি কার্যক্রম হিসেবে না দেখে একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা প্রয়োজন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশেষায়িত জাতীয় অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত অ্যাকাডেমিতে শুধু নবীন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে না। উপাচার্য, উপ-উপাচার্য, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের জন্যও প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে কমিশন ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান জানান, অ্যাকাডেমি প্রতিষ্ঠার জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য স্থান চূড়ান্ত হওয়ার পর মাস্টারপ্ল্যানের ভিত্তিতে অবকাঠামো উন্নয়নসহ পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবিত ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মেজবাহ-উল-ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. জহির রায়হান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সপ্তম ও অষ্টম ব্যাচে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষাদান পদ্ধতি, গবেষণা, কোর্স কারিকুলাম, অ্যাকাডেমিক ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা উন্নয়নসহ উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন