অক্টোবর ৫, ২০২৫, ০৮:২৭ পিএম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে এবং পূর্ণ ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালের স্থায়ী বহিষ্কার এবং কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, শনিবার ক্যাম্পাসে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তা আমাদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। অভিযুক্তকে প্রাথমিকভাবে ক্যাম্পাস থেকে নিরাপদে বেরিয়ে যেতে সহায়তা করা হয়েছিল, যা আমাদের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হয়।
শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবিগুলো নীতিগতভাবে মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে অভিযুক্ত অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া। তবে শিক্ষার্থীরা অভিযুক্তকে ক্যাম্পাস ত্যাগে সহায়তাকারী কর্মকর্তাদেরও তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্তের জন্য তিন কার্যদিবসের সময় চেয়েছে বলে জানা গেছে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি এবং তাকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। ক্যাম্পাসের শান্তি ও ধর্মীয় মর্যাদা রক্ষায় স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন