বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, কী কী ব্যবস্থা থাকছে?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৭:০০ পিএম

রাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, কী কী ব্যবস্থা থাকছে?

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের দিন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ১২ প্লাটুন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মোতায়েন থাকবে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান সাংবাদিকদের এই তথ্য জানান।আরএমপি কমিশনার বলেন, “ভোটগ্রহণ শুরু হওয়া থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখব।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে যেন কোনো বহিরাগত অবস্থান করতে না পারে, সেজন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে।”বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী তিনটি বাহিনীর সঙ্গেই আমাদের নিয়মিত সমন্বয় হচ্ছে।”

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম জানান, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমিশনের একটি বিশেষ টিমও মাঠে সক্রিয় থাকবে এবং কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।