অক্টোবর ১৬, ২০২৫, ১০:৪৬ এএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সমমানের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৭৫.৬১ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের সঙ্গে আলিম পরীক্ষার ফলও প্রকাশ করা হয়। সার্বিকভাবে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ হওয়ায়, সেই তুলনায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে।
এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৮৬ হাজার ১০২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন।
যেভাবে জানা যাবে ফলাফল:
১. অনলাইনে: শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) -এ প্রবেশ করে Examination অপশন থেকে ‘Alim’ নির্বাচন করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।
২. এসএমএসের মাধ্যমে: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ALIM লিখে একটি স্পেস দিয়ে MAD লিখে, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর 2025 লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসেই ফল চলে আসবে।
উদাহরণ: ALIM MAD 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে: শিক্ষার্থীরা নিজ নিজ মাদ্রাসা থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিকভাবে ফলাফল ডাউনলোড করে নোটিশ বোর্ডে প্রকাশ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন