বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মাদরাসায় পাশের হার বেশি নিয়ে প্রশ্ন, যা বলছেন বিশ্লেষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৫:১১ পিএম

মাদরাসায় পাশের হার বেশি নিয়ে প্রশ্ন, যা বলছেন বিশ্লেষকরা

ছবি - সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদরাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হারে বড় ব্যবধান দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখেরও কম। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৮২ হাজার ৮০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২ হাজার ৬০৯ জন পাস করেছেন। শুধু এই বছরই নয়, গত পাঁচ বছরে কখনোই মাদরাসা বোর্ডের পাসের হার ৯০ শতাংশের নিচে নামেনি।

একই দেশের একই বয়সের শিক্ষার্থীদের ফলাফলে এই ধারাবাহিক ভিন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষাবিদ ও সাধারণ মানুষের মধ্যে।বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের একাংশ মনে করেন, মাদরাসায় শিক্ষার্থীদের নিবিড়ভাবে পাঠদান করা হয় এবং সেখানে ফাঁকি দেওয়ার সুযোগ কম। তবে ভিন্নমত পোষণকারী শিক্ষার্থীরা জানান, মাদরাসার প্রশ্নপত্র প্রায়ই বই থেকে সরাসরি করা হয়, কিন্তু এইচএসসির প্রশ্ন অনেক বেশি ঘুরিয়ে-পেঁচিয়ে বা সৃজনশীল পদ্ধতিতে করা হয়।

আলিম পরীক্ষার্থীদের সাধারণ বিষয়গুলোর পাশাপাশি কোরান-হাসিদের মতো বাড়তি বিষয় পড়তে হলেও পাসের হারে কেন এই ব্যবধান, তা নিয়েই মূল আলোচনা।এই প্রসঙ্গে মাদরাসা বোর্ড কর্তৃপক্ষ এবং শিক্ষা গবেষকদের ব্যাখ্যায় ভিন্নতা পাওয়া গেছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক দাবি করেন, প্রশ্নপত্রের মান কমানোর কোনো সুযোগ নেই। তিনি জানান, আন্তঃ শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির নির্ধারিত কাঠামোতেই উভয় বোর্ডের প্রশ্নপত্র তৈরি করা হয়।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেছেন, প্রশ্নের ধরণ বদলে দিলেই পরীক্ষার ফলাফলও বদলে যাবে। তিনি মনে করেন, মাদরাসা শিক্ষকরা শুধু বেতনের জন্য নয়, বরং ধর্মের জন্য কাজ করছেন এমন একটি বিশেষ অনুপ্রেরণা থেকেও পাঠদান করেন, যা ফলাফলে প্রভাব ফেলে।একইসাথে, দীর্ঘ ১৭ বছর ঢাকা কলেজে শিক্ষকতা শেষে সরকারি মাদরাসা-ই আলিয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করা অধ্যাপক ওবায়দুল হক এই ফলাফলের পেছনে শিক্ষার্থীদের একাগ্রতাকেই বড় করে দেখেছেন।

তিনি উল্লেখ করেন, মাদরাসার শিক্ষার্থীদের অনেক সময় বাঁকা চোখে দেখা হয় এবং সেই জেদ থেকেই তাদের মধ্যে ভালো করার একটি তীব্র ইচ্ছে কাজ করে, যা তাদের পড়াশোনায় বেশি মনোযোগী করে তোলে। তবে শিক্ষা গবেষকরা বলছেন, সাধারণ বোর্ডের তুলনায় মাদরাসা বোর্ডে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম হওয়ায় শুধু পাসের হারের অনুপাত দিয়ে শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র বোঝা কঠিন।