নভেম্বর ১৩, ২০২৫, ১২:৫২ পিএম
জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ অবস্থায় গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ অক্টোবর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে যে হাসান মাসুদের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় এবং পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
তবে তার অসুস্থতার প্রকৃতি এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর গোপনীয়তা বজায় রেখেছে। এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা গণমাধ্যমে প্রকাশ করতে রাজি হননি।একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন অভিনেতা হাসান মাসুদ। তার অভিনীত বেশ কিছু নাটক তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল।
দীর্ঘদিন ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।অভিনেতার এই হঠাৎ অসুস্থতায় বিনোদন জগতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার সহকর্মী, বন্ধুমহল এবং হাজার হাজার ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন। তারা আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার বিনোদন জগতে তার অবদান রাখা শুরু করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন