নভেম্বর ১৪, ২০২৫, ০৫:১৫ পিএম
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাপানের রাজধানী টোকিওতে। ১৩ নভেম্বর মঙ্গলবার থেকেই শুরু হওয়া এই আন্তর্জাতিক মঞ্চের আনুষ্ঠানিকতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম।
আগামী ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার মূল পর্ব যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হবেন জেসিয়া।
দীর্ঘ সময় ধরে পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করার মাধ্যমে জেসিয়া তার সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতার বিষয়টিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ পাচ্ছেন যা তার এই যাত্রাকে আরও অর্থবহ করেছে।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জেসিয়া ইসলাম তার বর্তমান লক্ষ্য নিয়ে কথা বলেছেন। তিনি জানান বর্তমানে টপ-২০ এর তালিকায় পৌঁছানোই তার প্রধান লক্ষ্য এবং এই স্বপ্ন পূরণে তিনি দেশ ও বিদেশের সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশা করছেন। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে বাংলাদেশসহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জেসিয়াকে ভোট করার সুযোগ রয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য প্রতিযোগিতার মঞ্চে জেসিয়ার পৌঁছানোর পথটি ছিল কিছুটা নাটকীয়। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হলেও পরে শুরু হয় বিতর্ক। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিবাহিত কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না কিন্তু এভ্রিলের বিবাহিত হওয়ার তথ্য প্রকাশিত হয়।
এই বিতর্কের জেরে চূড়ান্ত রায়ের পাঁচ দিন পর দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়া ইসলামকে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” হিসেবে ঘোষণা দেওয়া হয়। সেই বিজয়ের ধারাবাহিকতায়ই তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন