নভেম্বর ২৩, ২০২৫, ০১:১২ পিএম
চলতি বছরের এপ্রিলে ভারতের পেহেলগাম হামলা ও সাম্প্রতিক সময়ে দিল্লি বিস্ফোরণের ঘটনা যেভাবে সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছে, সেভাবে নাড়া দিয়েছে বলিউড তারকাদেরও। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিউড বাদশা শাহরুখ খান।
শনিবার মুম্বাইয়ে আয়োজিত 'পিস অফ অনার্স' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেহেলগাম ও দিল্লির ঘটনায় নিহতদের পরিবার।
সেখানেই দেশের সেনাবাহিনী ও নিহতদের উদ্দেশ্যে বার্তা দেন শাহরুখ খান। তিনি বলেন, "২৬/১১, পেহেলগাম ও সাম্প্রতিক সময়ের দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি ও দেশের বীর সেনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।"
শাহরুখ খান জানান, দেশের জওয়ানদের উদ্দেশ্যে তাকে এই অনুষ্ঠানে বিশেষ চারটি পংক্তি বলতে বলা হয়েছে। তিনি বলেন:যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি দেশের জন্য কী করেছেন? তাহলে উত্তরে তাকে বলুন, ‘আমি আমার দেশকে রক্ষা করেছি।’যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি জীবনে কী কী অর্জন করেছেন? তাহলে তাকে বলুন, ‘আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা অর্জন করেছি।
যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনি কি কোনও কিছুতে ভয় পান? তাহলে উত্তরে তাকে বলুন, আমাদের যারা আক্রমণ করছে তাদের ভয় পেতে দাও।তিনি জোর দিয়ে বলেন, যদি আমাদের মধ্যে ঐক্য, দৃঢ়তা বজায় থাকে, তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তা করার আগে তারা দু’বার ভাববে।
এই অভিনেতা আরও বলেন, "আসুন আমরা সবাই শান্তির পথ খুঁজে নিই। জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ যেন নিজেরাই খুঁজে নিই।" উল্লেখ্য, ১৭ বছর আগে মুম্বাইয়ে হওয়া জঙ্গি হামলা, চলতি বছরের পেহেলগাম হামলা ও সাম্প্রতিক কালের দিল্লি বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন