নভেম্বর ২৩, ২০২৫, ০৪:৩১ পিএম
২৮ বছর আগে মুক্তি পাওয়া 'শেষ ঠিকানা' সিনেমায় ব্যবহৃত 'আমি পাথরে ফুল ফোটাব' গানটি এখনো সংগীতপ্রেমীদের কাছে কালজয়ী হয়ে রয়েছে। মিল্টন খন্দকারের লেখা এবং আলম খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।
অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে সেই কালজয়ী গানটি এবার আসছে নতুন রূপে। 'আমি পাথরে ফুল ফোটাব ২.০' শিরোনামের নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও ন্যান্সি।
আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান নিজেই। এই গানের মধ্য দিয়ে অনেক দিন পর একসঙ্গে গাইলেন ইমরান ও ন্যান্সি।
ইমরান মাহমুদুল বলেন, "আমি পাথরে ফুল ফোটাব খুব জনপ্রিয় একটি গান। সেই গানের হুকলাইন ব্যবহার করে নতুনভাবে লেখা ও সংগীতায়োজন করা হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গান করেছি। শেষবার আমরা 'লিপস্টিক' সিনেমার 'নিন্দুকে' গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলাম। আশা করছি, এই গানটিও সবাই পছন্দ করবেন।"ন্যান্সি বলেন, "'আমি পাথরে ফুল ফোটাব' গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথাও অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
জানা গেছে, বৃহৎ আয়োজনে নির্মিত হবে মিউজিক ভিডিও। গানটির শুটিং হবে মালয়েশিয়ায় এবং পরিচালনা করবেন নির্মাতা সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে 'আমি পাথরে ফুল ফোটাব ২.০'। এদিকে এই গানের পাশাপাশি ন্যান্সিকে নিয়ে আরেকটি গানের রেকর্ডিং করেছেন ইমরান, যেখানে ন্যান্সির সহশিল্পী মোহাম্মদ মিলন। সেই গানটিরও কথা, সুর ও সংগীতে দায়িত্ব পালন করেছেন ইমরান নিজেই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন