রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না: অভিনেত্রী মৌ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১১:১০ এএম

আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না: অভিনেত্রী মৌ

২০১৯ সালে 'প্রতিশোধের আগুন' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল অভিনেত্রী মৌ খানের। মাত্র পাঁচ বছরের মাথায় এসে এই অভিনেত্রী রঙিন বিনোদন জগত ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। তবে ২৪ ঘণ্টা পার না হতেই তিনি রহস্যজনকভাবে পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করে দেন, যদিও কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখা দেননি।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া পোস্টে মৌ খান লেখেন, ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন,

"জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই।" একইসঙ্গে তিনি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান। বিনোদন জগত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার এই ঘোষণা সারাদেশে আলোচনার জন্ম দিয়েছে।অসমাপ্ত কাজগুলো নিয়ে মৌ খান নির্মাতাদের প্রতি অনুরোধ জানান যেন তারা নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তিনি উল্লেখ করেন, তার নিজের অংশের কাজ তিনি শেষ করে দেবেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও তিনি জানান।

এছাড়াও আগামীতে তিনি 'হালাল উপায়ে জীবিকা অর্জনের' পরিকল্পনার কথা প্রকাশ করে লেখেন, ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন। সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেন, "আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।" এই ঘোষণার পর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর মৌ-এর টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি, যার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।