রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেয়া পায়েলকে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০১:০৫ পিএম

ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেয়া পায়েলকে

সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী কেয়া পায়েল। নিজের কাজ ও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত নিয়মিত শেয়ার করতেন ফেসবুক পেজে। কিন্তু হঠাৎ করেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

৬০ লাখেরও বেশি অনুসারী সমৃদ্ধ এই পেজটি উধাও হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।সাধারণত পেজ হ্যাক হওয়া বা কারিগরি কোনো সমস্যার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে অভিনেত্রীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফেসবুক পেজটি উধাও হয়ে গেলেও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখনো সক্রিয় রয়েছে, যেখানে ১৬ লাখের বেশি অনুসারী রয়েছে।

সম্প্রতি অভিনয় জীবনে সফলতার ৭ বছর পূর্ণ করেছেন কেয়া পায়েল। ২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নাটকেই তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এই দীর্ঘ পথচলায় অসংখ্য দর্শকনন্দিত কাজ উপহার দিয়েছেন তিনি। ভক্তদের প্রত্যাশা, দ্রুতই তাঁর পেজটি ফিরে আসবে এবং তিনি আবারও নিয়মিত যোগাযোগ করবেন সবার সঙ্গে।