জানুয়ারি ৩, ২০২৬, ০৫:২৪ পিএম
নতুন বছরের শুরুতেই এক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার গভীর রাতে আসামের গুয়াহাটির গীতানগর এলাকার জু রোডে এই দুর্ঘটনা ঘটে।
বর্তমানে তাঁরা দুজনেই বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে।পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সস্ত্রীক নৈশভোজ সেরে ফিরছিলেন অভিনেতা।
জু রোডে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁদের সজোরে ধাক্কা দেয়। এতে আশিস ও রূপালী দুজনেই রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
ঘটনার পর অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়লে শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে নিজেদের বর্তমান অবস্থা জানান আশিস।ভিডিও বার্তায় অভিনেতা বলেন, ‘আমি আর রূপালী এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেওয়া দরকার। আমি একেবারে ঠিক আছি।
তবে রূপালী এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। যে বাইকচালক আমাদের ধাক্কা দিয়েছিল, তাঁরও খোঁজ নিয়েছি; তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি আগের চেয়ে ভালো আছেন।’ আহত বাইকচালককে দ্রুত উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অগুনতি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন