মার্চ ১৭, ২০২৬, ০১:৫২ পিএম
ভারতের দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের দীর্ঘদিনের কৌতুহল এবার নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, আনুশকা অবশেষে বিয়ের পিঁড়িতে বসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।
পাত্র একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তিনি আনুশকার পরিবারের দীর্ঘদিনের পরিচিত। বর্তমানে দুই পরিবারের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা ও দিনক্ষণ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে বলে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
আনুশকা শেঠি বরাবরই তার ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন। এর আগে ‘বাহুবলি’ সিনেমার ব্যাপক সাফল্যের পর সহ-অভিনেতা প্রভাসের সাথে তার প্রেমের খবর বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি করেছিল।
পর্দার অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা জুটির রসায়ন দেখে ভক্তরা বাস্তব জীবনেও তাদের একসঙ্গে দেখার স্বপ্ন বুনতেন। তবে আনুশকা ও প্রভাস উভয়েই সবসময় এই গুঞ্জন অস্বীকার করে এসেছেন। এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, প্রভাসের সাথে তার ১৫ বছরের গভীর বন্ধুত্ব রয়েছে এবং তাকে রাত ৩টার সময়ও নির্দ্বিধায় ফোন করা যায়। এবার কোনো সহ-শিল্পী নয়, বরং পারিবারিক পছন্দের এক ব্যবসায়ীর সাথেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই তারকা।
পেশাদার জীবনেও আনুশকা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ঘাটি’ গত বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে মালায়ালাম ভাষার বড় বাজেটের সিনেমা ‘কাঠানার’। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরেই এটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। বিয়ে নিয়ে আনুশকার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও দুই পরিবারের ঘনিষ্ঠ মহলে এ নিয়ে তোড়জোড় চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ঘরোয়া আয়োজনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন