রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুপারম্যান খ্যাত হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই

বিনোদন ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৪:১৬ পিএম

সুপারম্যান খ্যাত হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই

বিদায় নিলেন ভ্যালেরি পেরিন

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘সুপারম্যান’-এ লেক্স লুথরের প্রেমিকা মিস টেশমাঞ্চারের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। সোমবার ৮২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি পারকিনসন্স রোগে ভুগছিলেন। 

তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কেবল সুপারম্যানের মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেননি বরং ‘লেনি’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারসহ অস্কার ও গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছিলেন।

ভ্যালেরি পেরিনের ক্যারিয়ার শুরু হয়েছিল লাস ভেগাসের একজন শো-গার্ল হিসেবে। তবে ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি তাঁকে লস অ্যাঞ্জেলেসে টেনে আনে। তাঁর কর্মজীবনের মোড় ঘোরে ১৯৭২ সালে ‘স্লটারহাউজ ফাইভ’ সিনেমার মাধ্যমে। এরপর ১৯৭৪ সালে বব ফস পরিচালিত ‘লেনি’ সিনেমায় কৌতুকাভিনেতা রেনি ব্রুসের স্ত্রীর চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। 

তবে ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুপারম্যান’ সিনেমায় জিন হ্যাকম্যানের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।অভিনয়ের পাশাপাশি ভ্যালেরি পেরিনের ব্যক্তিগত জীবন ছিল নানা নাটকীয়তায় ভরা। তাঁর প্রেমিকের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে নিজের দীর্ঘ অসুস্থতা নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে তাঁর জীবন সংগ্রামের কথা ফুটে উঠেছে। 

২০১৯ সালে মুক্তি পাওয়া ৪৫ মিনিটের সেই ডকুমেন্টারিতে পারকিনসন্স রোগের সঙ্গে তাঁর লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়। হলিউডের সোনালী সময়ের এই গুণী অভিনেত্রীর প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর উল্লেখযোগ্য অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য বর্ডার’, ‘দ্য ইলেকট্রিক হর্সম্যান’ এবং ‘হোয়াট উইমেন ওয়ান্ট’।