সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় অভিনেত্রী হর্ষিল কালিয়া

বিনোদন ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৮:৪৪ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় অভিনেত্রী হর্ষিল কালিয়া

অভিনেত্রী হর্ষিল কালিয়া

ভারতীয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত ২৩ মার্চ সোমবার রাতে ভারতের জয়পুরের মানসরোবর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী শুটিং শেষে নিজের ওয়াগন-আর গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে শিপরা পথ রোডের নগর নিগম অফিসের কাছে একটি মোড় ঘোরার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

দ্রুত গতির গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায় বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে যে মাথায় মারাত্মক আঘাত পাওয়াই ছিল তার মৃত্যুর প্রধান কারণ।হর্ষিল কালিয়া কেবল একজন অভিনয়শিল্পী ছিলেন না, পেশাগত জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। 

আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এছাড়া ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যেও তার বিশেষ তালিম ছিল। অভিনয়ের জগতে তিনি জিও-হটস্টারের আলোচিত ওয়েব সিরিজ ক্রাইম নেক্সট ডোর-এর মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেন। রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতেও তিনি নিয়মিত কাজ করতেন।

এর বাইরে মডেলিংয়ের আঙিনায়ও তার পদচারণা ছিল উজ্জ্বল। ২০২১ সালে তিনি মিস ডিভা রাজস্থান প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন। মেধাবী এই অভিনেত্রীর এমন অকাল মৃত্যুতে রাজস্থানের সংস্কৃতি ও অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে।