মে ৬, ২০২৬, ০২:১৩ পিএম
চিত্রনায়িকা মৌসুমীর পর এবার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেত্রী জেবা জান্নাত। এই নামের কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয় করেননি বলে দাবি করেছেন।গত ৪ মে নির্মাতা হাসান জাহাঙ্গীর সিনেমাটির পোস্টার প্রকাশ করেন। সেখানে মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের সঙ্গে জেবা জান্নাতের ছবিও দেখা যায়।
এরপরই বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেবা জান্নাত জানান, এই সিনেমাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। বন্ধুদের পাঠানো পোস্টারের মাধ্যমেই বিষয়টি প্রথম তার নজরে আসে। দর্শকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি কোনো সিনেমায় অভিনয় করিনি।
জেবা জান্নাত অভিযোগ করে বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের কোনো কাজে আমি অংশ নেইনি। এই কাজের জন্য আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি এবং পোস্টারে ছবি ব্যবহারের আগে অনুমতিও নেওয়া হয়নি। কাউকে না জানিয়ে ফুটেজ বা ছবি ব্যবহার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তবে জেবা জান্নাতের এই অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি দাবি করেন, জেবা জান্নাতের সঙ্গে তার কথা হয়েছে। পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হওয়ায় তিনি এখন এমন কথা বলছেন। তবে জেবা সিনেমাটিতে আদতে অভিনয় করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি নির্মাতা।
এর আগে এই সিনেমাটি নিয়ে অভিনেত্রী মৌসুমী ও তার স্বামী ওমর সানীও আপত্তি তুলেছিলেন। তাদের অভিযোগ ছিল, শুরুতে নাটক বা টেলিফিল্ম হিসেবে কথা হলেও পরে সেটিকে সিনেমা হিসেবে প্রচার করা হচ্ছে, যা তাদের কাছে গোপন রাখা হয়েছিল।সেন্সর বোর্ডের অনুমতি পাওয়া এই সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পোস্টার বিতর্ক নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন