রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০৭:৩২ পিএম

ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থাকা ছোট ও বড় পর্দার পরিচিত মুখ জ্যোতিকা জ্যোতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইভ বক্তব্যে কান্নায় ভেঙে পড়েছেন। মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত এবং পরিকল্পিতভাবে তাকে কাজ থেকে দূরে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, দেশে জন্ম নেওয়া নিয়ে তার মনে আক্ষেপ তৈরি হয়েছে।

সোমবার সন্ধ্যায় লাইভে এসে জ্যোতিকা জ্যোতি নিজেকে চরম প্রতিকূল অবস্থার মধ্যে আছেন বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে ট্রল ও ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে। শুধু ভার্চুয়াল মাধ্যমেই নয়, পেশাগত জগতেও তিনি বৈষম্যের শিকার হচ্ছেন। একটি প্রভাবশালী গোষ্ঠী তাকে পরিকল্পিতভাবে কাজ দিচ্ছে না এবং বিভিন্ন গ্রুপিংয়ের কারণে তাকে ঘরবন্দী থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।বর্তমান সরকারের কাছে নিজের এই পরিস্থিতির অবসান চেয়ে অনুরোধ জানিয়েছেন তিনি।

তার রাজনৈতিক সম্পৃক্ততা ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অতীতেও নানা আলোচনা হয়েছে। বিশেষ করে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হওয়া এবং আওয়ামী পন্থী শিল্পী হিসেবে পরিচিতি পাওয়ায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তাকে বিভিন্ন জটিলতার মুখে পড়তে হয়। এর আগে একই বছরের সেপ্টেম্বরে শিল্পকলা একাডেমিতে কর্মরত থাকাকালে কর্মস্থলে আটকে পড়ার ঘটনায়ও খবরের শিরোনাম হয়েছিলেন তিনি।২০০৪ সালে শোবিজে পথচলা শুরু করা এই অভিনেত্রী টেলিভিশন নাটকের পাশাপাশি বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন।