বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ওটিটি অভিষেকের শুটিংয়েই অন্তঃসত্ত্বা পরিণীতি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৮:৫৩ পিএম

ওটিটি অভিষেকের শুটিংয়েই অন্তঃসত্ত্বা পরিণীতি

ছবি :সংগ্রহীত

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার ওটিটি অভিষেক হতে যাচ্ছে নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে। তবে এর চেয়েও বড় খবর হলো, এই সিরিজের শুটিং চলাকালেই তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন।

সম্প্রতি ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই এই তথ্য জানিয়েছেন। রাঘব চাড্ডা ও পরিণীতির ছেলে নীরের বয়স এখন প্রায় ১০ মাস। আবেগাপ্লুত পরিণীতি জানান, এই কাজ শুধু তার নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। অনাগত সন্তানকে নিয়েই তিনি পুরো শুটিং শেষ করেছেন। তাই সিরিজটি তার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে।

পেশাদারিত্বের কারণে বিষয়টি শুরুতে সবার কাছে গোপন রেখেছিলেন তিনি।

কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় শুটিং শুরু হলে বাধ্য হয়েই নির্মাতাদের বিষয়টি জানান। এরপর তার শারীরিক স্বাচ্ছন্দ্যের জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়। আঁকাবাঁকা পাহাড়ি পথে প্রতিদিন এক ঘণ্টা যাতায়াত এড়াতে সেটের কাছেই তার থাকার ব্যবস্থা করা হয় এবং গল্প ঠিক রেখে বদলানো হয় অ্যাকশন দৃশ্যও।

পুরো টিমের পাশাপাশি পরিবারও তাকে আগলে রেখেছিল। সুখবর শুনে স্বামী রাঘব চাড্ডার পাশাপাশি মা, শাশুড়ি ও ভাই সেটে ছুটে যান।

সবাই হয়তো ভাবছিলেন, পুরো পরিবার শুটিংয়ে চলে এসেছে—এ কথা বলে মজাও করেন অভিনেত্রী। সব মিলিয়ে নতুন এই সিরিজটি তার ক্যারিয়ারের পাশাপাশি মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রাখার এক বিশেষ স্মৃতি হয়ে থাকছে।