শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যাচেলর পয়েন্ট থেকে পাভেল বাদ

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৫:৩৮ পিএম

ব্যাচেলর পয়েন্ট থেকে পাভেল বাদ

অভিনেতা সাইদুর রহমান পাভেল

টেলিভিশন ও ইউটিউবের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাভেলের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাকে ঘিরে নাটকপাড়ায় আলোচনা শুরু হয়। নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকাকে কেন্দ্র করে এই গুঞ্জন নতুন করে জোরালো রূপ নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালক কাজল আরেফিন অমি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় ধারাবাহিকটির নিয়মিত ও বহুল পরিচিত শিল্পীদের নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি। অমির প্রকাশিত তালিকা থেকে তার নাম অনুপস্থিত থাকায় দর্শক ও ভক্তদের মধ্যে পাভেলকে নাটক থেকে বাদ দেওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই তালিকা এবং পাভেলের ভাইরাল ভিডিওটি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছেন দর্শকরা। অনেক দর্শকের ধারণা, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সৃষ্ট পরিস্থিতির কারণেই হয়তো ধারাবাহিকটিতে পাভেলের চরিত্রের উপস্থিতি নিয়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ধারাবাহিক থেকে বাদ দেওয়ার গুঞ্জন তীব্র হলেও এ বিষয়ে পরিচালক কাজল আরেফিন অমি কিংবা অভিনেতা সাইদুর রহমান পাভেলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

ব্যাচেলর পয়েন্ট দীর্ঘ সময় ধরে দর্শকদের কাছে অন্যতম একটি জনপ্রিয় নাট্যধারাবাহিক হিসেবে সমাদৃত। এতে নিয়মিত অভিনয় করা অভিনয়শিল্পীদের প্রতিটি চরিত্র ও তাদের মুখের সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ধরনের আলোচনা ও প্রশংসামূলক প্রতিক্রিয়া দেখা যায়।