অক্টোবর ৭, ২০২৬, ০৮:৩৮ পিএম
‘এটা আমাদেরই গল্প’ নাটকের বিপুল সাফল্যের পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় মুক্তি পেয়েছে নতুন পারিবারিক ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। বুধবার (৭ অক্টোবর) ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে নাটকটির প্রথম পর্ব অবমুক্ত করা হয়। মুক্তির পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে নাটকটি। প্রকাশের মাত্র ৩ ঘণ্টা ৩৭ মিনিটের ব্যবধানে এটি এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ভিউয়ের মাইলফলক অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে।
নির্মাতা সূত্রে জানানো হয়েছে, এখন থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউব চ্যানেলটিতে ধারাবাহিকটির নতুন পর্ব প্রচারিত হবে।
সময়ের কোনো এক বাঁকে সম্পর্কের টানাপোড়েন এবং হারানো অনুভূতির কাছে ফিরে আসার আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে এই পারিবারিক ধারাবাহিক।
নাটকটিতে নির্মাতার পূর্ববর্তী সফল নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীকে যুক্ত করা হয়েছে।
এই ধারাবাহিকের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৩ বছর পর আবারও কোনো নাটকে একসঙ্গে পর্দা ভাগ করলেন দেশের দুই জ্যেষ্ঠ অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, ফাইজুল ইয়ামিন, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।
কাহিনির আবহকে দর্শকের কাছে আরও প্রাণবন্ত করে তুলতে ধারাবাহিকটিতে তিনটি মৌলিক গান যুক্ত করা হয়েছে।
‘ওরে প্রিয়া রে’ শিরোনামের টাইটেল গানটি লিখেছেন কবির বকুল। নাভেদ পারভেজের সুর ও সংগীতে গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল।
‘ফিরে আসার গল্প’ শিরোনামের আরেকটি গানের কথা, সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। গানটির ভিন্ন একটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।
এছাড়া সালাহউদ্দিন সাগরের কথায় ‘প্রেমের কারিগর’ গানটির সুর ও সংগীতে সজীব দাসের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন