অক্টোবর ৭, ২০২৬, ০৯:২৮ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। গত সোমবার (৫ অক্টোবর) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নূতনের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সুজাতা এবং জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
সম্মাননা স্মারক গ্রহণ করে আবেগাপ্লুত কণ্ঠে প্রতিক্রিয়া জানান নূতন।
তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির পক্ষ থেকে এমন মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হতে পেরে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও আনন্দিত।
বিশেষ করে অগ্রজ অভিনেত্রী সুজাতার হাত থেকে এই সম্মাননা পাওয়া তার জন্য পরম সৌভাগ্যের বলে উল্লেখ করেন তিনি। আনন্দ ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে তিনি তাৎক্ষণিকভাবে মঞ্চেই সুজাতার পা ছুঁয়ে সালাম করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ উষ্ণতা ও মুগ্ধতা ছড়ান চিত্রনায়িকা পূর্ণিমা।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এমন একটি মর্যাদাপূর্ণ ও ভালোবাসার আবহে উপস্থিত থাকতে পেরে তিনি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে গর্ববোধ করছেন।
তিনি বলেন, ঢাকাই চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননায় ভূষিত করার বিরল মুহূর্তের প্রত্যক্ষদর্শী হতে পারা অত্যন্ত আনন্দের একটি অভিজ্ঞতা। সম্মানজনক এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান পূর্ণিমা।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফ খান (কালু) দায়িত্বভার গ্রহণ করেছেন।
কমিটির অন্যান্য পদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সালাম রিজভী ও ইউসুফ খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এ আই আলম, সাংগঠনিক সম্পাদক পদে এ কে আজাদ এবং কোষাধ্যক্ষ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক হাবিবুর রহমান (হাবিব) দায়িত্ব গ্রহণ করেন।
প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুহু রাজ চৌধুরী।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সজীব মাহমুদ মাইকেল ও ইভান শাহরিয়ার সোহাগ।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যৌথভাবে দায়িত্বভার পেয়েছেন রোহান ও বিল্লাল।
এছাড়া নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জসিমউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল এবং অপু-বিল্লাল।
অনুষ্ঠানে চলচ্চিত্রের নানা প্রজন্মের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন