বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

দিশা পাটানি অভিনয়ে ১০ বছর পূর্ণ করলেন, চান ভিন্ন ধারার চরিত্র

বিনোদন ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৩:১৪ পিএম

দিশা পাটানি অভিনয়ে ১০ বছর পূর্ণ করলেন, চান ভিন্ন ধারার চরিত্র

ছবি: সংগৃহীত

দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটার পর দেখতে দেখতে রূপালী পর্দায় পুরো এক দশক পার করলেন অভিনেত্রী দিশা পাটানি। এই দীর্ঘ পথচলাকে তিনি নিজের অভিনয়জীবনের এক আত্মআবিষ্কারের অধ্যায় হিসেবে দেখছেন। ক্যারিয়ারের শুরুর দিক স্মরণ করে তিনি জানান, প্রথম ছবির সময় শুটিং সেটের কার্যপদ্ধতি, ক্যামেরার সামনে দাঁড়ানো, চরিত্র ধারণ কিংবা পরিচালকের নির্দেশনা অনুসরণের মতো খুঁটিনাটি বিষয়গুলো তাকে কাজ করতে করতে শিখতে হয়েছে। তখন সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করলেও বর্তমানে অভিনয়ের বিষয়ে তার বোঝাপড়া অনেক বেশি স্পষ্ট।

তবে আত্মবিশ্বাস যেন কখনো আত্মতুষ্টিতে রূপ না নেয়, সেদিকে তিনি সদা সতর্ক। অভিনয়কে তিনি অনন্ত শেখার একটি ক্ষেত্র মনে করেন। তাই সবকিছু জেনে ফেলার ধারণায় তিনি কখনো পৌঁছাতে চান না। প্রতিটি নতুন চরিত্রের সঙ্গে থাকা অনিশ্চয়তাই তার কাছে অভিনয়ের মূল আকর্ষণ। কাজের প্রতি ভেতরের কৌতূহল হারিয়ে ফেলাকেই সবচেয়ে বড় ভয় হিসেবে দেখেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের দ্বিতীয় দশকে এসে কেবল শারীরিক উপস্থিতি বা সৌন্দর্যের গণ্ডি পেরিয়ে গল্পের মূল চালিকাশক্তি হতে চান দিশা। 

তিনি এখন মনস্তাত্ত্বিক গল্প, চরিত্রনির্ভর থ্রিলার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বপূর্ণ অ্যাকশন চলচ্চিত্রে অভিনয়ের পথ খুঁজছেন। আগামীতে ক্যারিয়ারে আরও ঝুঁকি নেওয়ার স্পষ্ট ইচ্ছা রয়েছে তার। ভিন্ন ঘরানা, ভাষা ও নতুন নির্মাতাদের সঙ্গে কাজের মাধ্যমে নিজেকে নতুন রূপে মেলে ধরতে চান তিনি। কোনো নির্দিষ্ট ইমেজ বা চরিত্রের বাঁধনে নিজেকে আটকে রাখতে চান না দিশা পাটানি। দশ বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে প্রতিটি কাজে নতুন কিছু শেখার পাশাপাশি বৈচিত্র্যময় গল্পের দিকেই এখন তার সমস্ত মনোযোগ।