বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
সাম্প্রদায়িক সম্প্রীতি

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় এক ও অভিন্ন, সবাই বাংলাদেশি: সুলতান সালাউদ্দিন টুকু

জাতীয় ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৯:০৪ পিএম

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় এক ও অভিন্ন, সবাই বাংলাদেশি: সুলতান সালাউদ্দিন টুকু

ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন—আমরা সবাই বাংলাদেশি। দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করে দেশের মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বুধবার বিকালে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাভার উপজেলার পূজামণ্ডপসমূহের আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ—এই চেতনাকে ধারণ করে আমরা পথ চলতে চাই। এই দেশ আমাদের সবার, তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মণ্ডপগুলোতে মনিটরিং টিম গঠন করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে।

মাদক ও কিশোর অপরাধ রোধে পরিবারের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের এ কাজে সম্পৃক্ত করতে হবে। কিশোরদের অপরাধ ও সংঘবদ্ধ চক্র থেকে দূরে রাখতে এখনই কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া দুর্গাপূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমাতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ ও সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়নসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।