নভেম্বর ৮, ২০২৬, ০৯:৫২ পিএম
গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করতে দ্বিতীয়বারের মতো সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী সোমবার সকাল ১১টায় ঢাকায় বোর্ডের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে যাচ্ছে শ্রমিকপক্ষ। তবে এখনো নিজেদের প্রস্তাব চূড়ান্ত করতে পারেনি মালিকপক্ষ, এ বিষয়ে তারা কাজ করছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ সভায় উভয় পক্ষকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল মজুরি বোর্ড। ওই সভায় শ্রমিক ও মালিক— উভয় পক্ষই পরবর্তী সভায় নিজ নিজ প্রস্তাব উপস্থাপনে সম্মত হয়। সেই অনুযায়ী, সোমবারের সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত না হওয়ায় সভায় তাদের অবস্থান কী হয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামীকালের সভায় উপস্থাপনের জন্য তাঁরা এখনো ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছেন। বিভিন্ন শ্রমিক সংগঠন এরই মধ্যে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাবের ভিত্তিতে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে মজুরি বোর্ডে উপস্থাপন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, যা শ্রমিকদের বর্তমান দাবি; অথবা এর চেয়েও বেশি হতে পারে। বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।
এদিকে মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন জানান, বিভিন্ন শিল্পাঞ্চলে রোববার ৪০টি কারখানা বন্ধ থাকায় চলমান অস্থিরতা নিয়ে তাঁরা এখনো উদ্বিগ্ন। তবে তাঁরা সভায় রয়েছেন এবং মজুরি বোর্ডের দ্বিতীয় সভার প্রস্তুতি নিচ্ছেন। আলোচনার পর তাঁদের প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি সোমবার জমা দেওয়া হতে পারে, আবার না-ও হতে পারে।
উল্লেখ্য, সভায় দুটি প্রধান বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং গার্মেন্টস শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন