রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কেমন হবে শাকিবের ‘সোলজার’? যা জানালেন নির্মাতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৫:১৩ পিএম

কেমন হবে শাকিবের ‘সোলজার’? যা জানালেন নির্মাতা

ছবি - সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর শুটিং। সোমবার (৬ অক্টোবর) থেকে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এর আগে শুক্রবার সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারের জন্য ফটোশুটে অংশ নেন শাকিব খান।

সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের পারদ প্রথম থেকেই তুঙ্গে। এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে শাকিব খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও, যেখানে নির্মাতা সাকিব ফাহাদ সিনেমাটি নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন।সাকিব ফাহাদ বলেন, “আমরা সোলজার-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। এটি একটি দেশপ্রেমের গল্প, যা বর্তমান সময়ের মানুষের ভাবনা ও বাস্তবতা নিয়ে সাজানো।”

তিনি আরও বলেন, “গত তিন-চার বছরে আমরা শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। আমরা চাই, তিনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন, যার চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে।”

পরিচালক জানান, ছবিটি শুধু ঈদকেন্দ্রিক মুক্তির ধারা থেকে বেরিয়ে এসে বছরের অন্য কোনো সুবিধাজনক সময়ে মুক্তি দেওয়া হবে, যা ইন্ডাস্ট্রির জন্য একটি সাহসী পদক্ষেপ। দেশপ্রেম, অ্যাকশন, রোমান্স ও মানবিক আবেগের এক দারুণ সমন্বয় থাকবে ‘সোলজার’-এর গল্পে।