বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

লন্ডনের মঞ্চ মাতাবেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০১:৫৫ পিএম

লন্ডনের  মঞ্চ মাতাবেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন

ছবি - সংগৃহীত

বাংলাদেশের সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন আজ যুক্তরাজ্যের মঞ্চ মাতাতে চলেছেন। পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিতব্য ‘১৬তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব’-এ তিনি প্রধান শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন।উদীচী যুক্তরাজ্য শাখা আয়োজিত এই দিনব্যাপী উৎসবে যোগ দেওয়ার জন্য ‘গানের পাখি’ খ্যাত এই শিল্পী গত ১২ অক্টোবরই লন্ডনে পৌঁছেছেন।

এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাবিনা ইয়াসমিন বলেন, “এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিদেশের মাটিতে হলেও, মঞ্চে উঠলে সামনে যেন একখণ্ড বাংলাদেশ দেখতে পাই। আশা করছি, সবার সঙ্গে আজ দেখা হবে, কথা হবে, গানে গানে গল্প আড্ডা হবে। সবাইকে আজকের আয়োজনে আসার নিমন্ত্রণ রইলো।”

আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এই পর্বে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।সাবিনা ইয়াসমিনের সঙ্গে বাংলাদেশ থেকে যন্ত্রশিল্পী হিসেবে গিয়েছেন প্রখ্যাত তবলা শিল্পী চন্দন দত্ত এবং মনোয়ার হোসেন টুটুল।

উল্লেখ্য, বরেণ্য এই সংগীতশিল্পী তার বর্ণাঢ্য ক্যারিয়ারে সর্বোচ্চ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন।