অক্টোবর ২০, ২০২৫, ০৭:০৯ পিএম
বলিউডে অভিষেকের পর থেকেই ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির বিতর্কে সমালোচিত হচ্ছিলেন সাইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান। তার প্রথম সিনেমা ‘নাদানিয়া’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর সেই সমালোচনা আরও তীব্র হয়। ছবিটির ব্যর্থতা এবং নিজের অভিনয় নিয়ে এতদিন নীরব থাকলেও, অবশেষে সব সমালোচনা নিয়ে মুখ খুললেন এই নবাগত অভিনেতা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম আলি খান অকপটে স্বীকার করে নেন যে, তার প্রথম ছবিটি ভালো ছিল না। তিনি বলেন, “কিছুদিন আগেও সবাই আমার অভিনয় জগতে অভিষেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু ‘নাদানিয়া’ মুক্তির পর সেই উত্তেজনা একেবারে তলানিতে ঠেকল। আমি সবার সামনে স্বীকার করতে চাই যে সিনেমাটা সত্যিই খারাপ ছিল।”
নিজের অভিনয় নিয়ে ট্রোলিংয়ের শিকার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “‘আরে, চলো ওকে ট্রল করি’—এটা যেন একটা নিয়ম হয়ে উঠেছিল। কিছু মানুষ তো অন্য কেউ ট্রল করছে বলে তাতে যোগ দিয়েছিলেন, কিন্তু নিজেরা হয়তো সিনেমাটাই দেখেননি। এটা অপ্রত্যাশিত।”
তবে, এই সমালোচনাতেই দমে যেতে রাজি নন তিনি। সমালোচকদের প্রতি একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইব্রাহিম বলেন, “ভবিষ্যতে আমি যদি ব্লকবাস্টার ছবি উপহার দিই, তাহলেও ঠিক একই পরিমাণ উন্মাদনা (প্রশংসা) চাই আমি।”উল্লেখ্য, ‘নাদানিয়া’ ছবিটি প্রযোজনা করেন করণ জোহর এবং পরিচালনা করেন শৌনা গৌতম। ছবিটিতে ইব্রাহিমের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন