অক্টোবর ২১, ২০২৫, ০৮:৫৪ পিএম
রুপালি পর্দায় যার দাপুটে অভিনয়ে দর্শকরা মুগ্ধ হন, সেই খলনায়ক মিশা সওদাগর বাস্তব জীবনে একজন বিনয়ী এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবেই পরিচিত। সম্প্রতি তিনি তার নাতির সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের প্রশংসায় ভাসছেন, তবে যে কারণে ছবিটি ভাইরাল হয়েছে, তা ছিল বেশ চমকপ্রদ।
সোমবার (২০ অক্টোবর) জনপ্রিয় এই অভিনেতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তিনি তার নাতি রাফসানের পাশে বসে আছেন এবং তাদের সামনে একটি আরবি ‘কায়দা’ (আরবি বর্ণমালার বই) খোলা রয়েছে।ছবিটি দেখে যে কেউ প্রথম দর্শনে ভাববেন, দাদা হয়তো নাতিকে পড়াচ্ছেন। কিন্তু মিশা সওদাগর তার ক্যাপশনে লিখলেন ঠিক এর উল্টোটা।
তিনি লেখেন, “চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।”
প্রখ্যাত এই অভিনেতার এমন বিনয়ী এবং শিক্ষণীয় পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা তার এই নিরহংকার আচরণের ভূয়সী প্রশংসা করছেন। একজন মন্তব্য করেছেন, “এটাই আসল শিক্ষা, শেখার কোনো বয়স নেই।” আরেকজন লিখেছেন, “মিশা ভাই শুধু পর্দার নয়, বাস্তব জীবনেরও অনুপ্রেরণা।”
বর্তমানে মিশা সওদাগরের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। তবে পর্দার খলনায়ক হলেও, বাস্তব জীবনে তার এই মানবিক ও নৈতিক দিকগুলো তাকে ভক্তদের কাছে আরও শ্রদ্ধার পাত্র করে তুলেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন