বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৭:৫৭ পিএম

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা একাধারে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে বিএনপির মনোনয়নের আশায় ছিলেন।

গতকাল সোমবার (৩ নভেম্বর) বিএনপি আসন্ন নির্বাচনের জন্য ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করলেও সেই তালিকায় কনকচাঁপার নাম আসেনি। জানা গেছে, ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দলটি।

দলের প্রাথমিক তালিকায় মনোনয়ন না পাওয়া নিয়ে এই তারকা শিল্পী গতকাল রাতেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখে লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’

রাজনীতির মাঠে একজন সুপরিচিত শিল্পী হওয়া সত্ত্বেও মনোনয়নবঞ্চিত (আপাতত) হওয়ার পর তার এই পরিমিত, সংযত ও বিশ্বাসপূর্ণ বক্তব্যে নেটিজেনরা অনেকেই প্রশংসা করছেন।