নভেম্বর ১৬, ২০২৫, ০৫:২০ পিএম
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী।
রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১,১৩৯ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা বিভাগের রোগীর সংখ্যাই বেশি।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৮ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন এবং খুলনা বিভাগে ১১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।গত একদিনে সারা দেশের হাসপাতালগুলো থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮১ হাজার ৪৪২ জন।
তবে মৃত্যুর মিছিল থামছে না। আজকের ৫ জনসহ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৯৯৭ জন।উল্লেখ্য, এর আগের দিন শনিবারও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছিল, তবে আক্রান্তের সংখ্যা ছিল ৭৯২ জন। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বাড়ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন