রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভ্যাকসিনেশনের ফলে হাম অনেকটা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

মে ৩, ২০২৬, ০৭:১৬ পিএম

ভ্যাকসিনেশনের ফলে হাম অনেকটা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন পর্যন্ত ৮১ শতাংশ হামের ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে এবং এর ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, এই ভ্যাকসিনেশনের ফলে মানুষের শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হচ্ছে যা সংক্রমণের হার কমিয়ে আনছে।

রোববার (৩ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ৮১ শতাংশ টিকাদান শেষ হয়েছে এবং আগামী দু-চার দিনের মধ্যে লক্ষ্যমাত্রার শতভাগ ভ্যাকসিনেশন সম্পন্ন হবে। 

হামের প্রাদুর্ভাব বর্তমানে অনেকটা কমে এসেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সেশন চলাকালে জেলা প্রশাসকরা দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। এর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সার্ভিস সচল করতে হবে। 

এ ছাড়া হাসপাতালগুলো থেকে দালালের দৌরাত্ম্য কমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে বাজার ও ওষুধের দোকানে ভেজাল ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে এমন আশঙ্কায় প্রতিটি জেলা প্রশাসককে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে তদারকি বাড়াতে হবে। 

এ ছাড়া সাপে কাটা রোগীর জন্য অ্যান্টি ভেনাম এবং জলাতঙ্ক রোগের টিকা সারাদেশে পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।