মে ৪, ২০২৬, ০৫:৪৪ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৭ জন মারা গেছেন। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন আরও ১৫ জন মারা গেছেন।
এ সময়ে নতুন করে হাম সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০২ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৫৪ জন।অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জনে পৌঁছেছে।
এর মধ্যে এখন পর্যন্ত ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৪৬৭ জনের শরীরে হামের জীবাণু নিশ্চিত হওয়া গেছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মোট ৫২ জন এবং সন্দেহজনক হামে ২৫৯ জন মৃত্যুবরণ করেছেন।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ৮৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ হাজার ১৫১ জন। বর্তমানে আক্রান্তদের একটি বড় অংশ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন