রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১১, ২০২৬, ০৫:১৮ পিএম

আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ

এমভি হন্ডিয়াস ক্রুজ শিপের আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশের যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এই নতুন সংক্রমণের খবর সামনে এল। সোমবার (১১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত জানিয়েছেন, এমভি হন্ডিয়াস ক্রুজ শিপে থাকা এক ফরাসি নারী যাত্রীর শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। 

ফ্রান্স ইন্টার রেডিওকে তিনি বলেন, সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া এবং দ্রুত ব্যবস্থা নেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইসোলেশন জোরদার করতে ইতিমধ্যে একটি ডিক্রি জারি করা হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত আরও চারজন ফরাসি যাত্রীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে কর্তৃপক্ষ ২২ জন ব্যক্তিকে শনাক্ত করেছে যারা আক্রান্ত নারীর সংস্পর্শে এসেছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, দেশে ফেরার একটি বিশেষ ফ্লাইটে থাকা এক মার্কিন নাগরিকের শরীরে হান্টাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। আরেকজন যাত্রীর শরীরে হালকা উপসর্গ দেখা গেছে। 

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের দুজনকে বিমানের বিশেষ ইউনিটে রাখা হয়েছে। এছাড়া ওই ফ্লাইটে থাকা আরও ১৭ জন যাত্রীর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।আলজাজিরা জানিয়েছে, নতুন এই দুই রোগীসহ মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং আরও একটি সম্ভাব্য মৃত্যুর তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত চারজন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এমভি হন্ডিয়াস জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফ উপকূলে নোঙর করেছিল। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় জাহাজটি কয়েক সপ্তাহ ধরে সেখানে আটকে ছিল। প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগে যারা জাহাজ থেকে নেমে গিয়েছেন, তাদের খুঁজে বের করে পর্যবেক্ষণে রাখছে সংশ্লিষ্ট দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই ভাইরাসের প্রাদুর্ভাব কীভাবে শুরু হলো, তা এখনও তদন্তাধীন রয়েছে।